শনিবার, ৪ আগস্ট, ২০১৮

কৃত্তিকা ত্রিপুরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক

বিভিন্ন মিডিয়া ও পুলিশের তথ্য মতে দীঘিনালার ৯ মাইলে ৫ম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার সাথে জড়িত চার দুর্বৃত্তকে আটক করা হয়েছে।

গত ২৮ জুলাই দিনের কোন এক সময় শিশুটিকে ধর্ষণের পর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন সে স্কুলের ক্লাশ বিরতির সময় দুপুরের খাবার খেতে বাড়িতে এসে আর ক্লাশে ফিরে যায়নি। পরে রাতে পাওয়া যায় তার ক্ষত-বিক্ষত লাশ।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই মধ্যে অপরাধীদের আটকের খবর পাওয়া যাচ্ছে। তবে তাদের উপযুক্ত শাস্তি হবে কিনা তা আমরা জানি না।