বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

ফেসবুকে আলোচনা-৩

অডঙ চাকমার ২য় পর্ব জবাবের প্রেক্ষিতে

প্রিয় অডং,
 আপনার 'নিরন চাকমার জবাবে(২য় পর্ব)' পড়লাম। আপনি লিখেছেন:

'দেশের সকল আইন, সকল নীতি, সকল রাষ্ট্রীয় র্কমকান্ড যদি দেশের সংবিধানের সাথে সংগতি রেখে করতে হয়, তাহলে একটি পার্টির সকল নীতি, র্কমসূচী বা র্কাযক্রম কনে গঠনতন্ত্র অনুসারে হবে না? সংবিধানের আলোকে যদি ডিফেন্স পলিসি করতে হয়, একটি দেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে সংসদের অনুমোদন লাগে সেখানে কেন একটি রাজনতৈকি দলের সেলফডিফেন্স-এর জন্যে গঠনতন্ত্রের নীতি-আর্দশ অনুসরণ করতে হবে না? পার্টির সবাই সাধু সজ্জন নয়। সেলফডিফেন্স-এর নামে যদি অরাজকতা সৃষ্টি হয়, খুন খারারি মারামারি হয়, সেগুলোর দায়দায়িত্ব কে নেবে? সেসব অন্যায় বা অপরাধরে জন্যে কী বিচার হবে? র্পাটি কীভাবে ভুক্তভোগীদের জন্যে ন্যায়বিচার নিশ্চিত করব?'

বলবো অন্যকে জব্দ করতে আপনি চমকার কৌশল প্রয়োগ করতে পারেন। আপনার এ বিরল গুণের তারিফ করতে হয়। এ প্রসঙ্গে একটি বুদ্ধ জাতকের কথা মনে পড়ছে। একদিন ধর্ম সেনাপতি সারিপুত্র ধর্মসভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এমন সময় এক বৃদ্ধ ভিক্ষু তাকে জব্দ করার জন্য একটি অন্তঃসারশুন্য, অর্থহীন প্রশ্ন করে(অর্থা সেই প্রশ্নটার কোন উত্তর হয় না)। সারিপুত্র সেই প্রশ্নের উত্তর না দিয়ে ধর্মসভা থেকে উঠে নিজ শয়ন কক্ষে চলে যান। এতে ধর্ম কথা শ্রবণে ব্যাঘাত ঘটার জন্য উপস্থিত শ্রোতারা ক্ষুদ্ধ হয় এবং ওই বৃদ্ধ ভিক্ষুকে ধর ধর বলে ধাওয়া করে। বৃদ্ধটি পালানোর সময় ভিক্ষুদের ব্যবহৃত পায়খানায় পড়ে যান। এভাবে তার আত্মরক্ষা হয়। পরদিন এ বিষয়টি বুদ্ধকে জানানো হলো বুদ্ধ এ জাতকটি বলেছিলেন। এটি ঈশান চন্দ্র ঘোষ অনূদিত ছয় খণ্ডের জাতকের ২ নং খন্ডে সংকলিত হয়েছে(১৫৩ নং জাতক)। এই জাতকটিই আমার উত্তর মনে করতে পারেন।

তবে জাতকটি পড়ে যাতে আমাকে ভুল না বুঝেন তার জন্য আগে ভাগে এখানে বলতে চাই, আমি মোটেই নিজেকে সিংহতুল্য মনে করছি না। মহান সারিপুত্রের সাথেও নিজেকে তুলনা করার ধৃষ্টতা আমার নেই। 'কুদু আগাজর চান তারা, কুদু পুনর কেজ ফরা।' সারিপুত্র হলেন আকাশের গ্রহ নত্র -- মহাপুরুষ। আর আমি হলাম একজন সামান্য রাজনৈতিক কর্মী। তার সাথে নিজেকে তুলনা করে পাপের ভাগীদার হতে চাই না।

আপনার প্রশ্নগুলোও আমি একেবারে অন্তঃসার শূন্য বলছি না। আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনি নিশ্চয়ই সে রকম প্রশ্ন করবেন না। তবে আপনি যে প্রশ্নগুলো করেছেন তার জবাব জানা থাকলেও এখানে এ সময়ে উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ আপনি জানেন আমরা কোন পরিস্থিতিতে কাজ করি। আর এটা জেনেই আপনি ওই প্রশ্নগুলো করেছেন। সুতরাং এ অবস্থায় শ্রদ্ধেয় সারিপুত্রের কৌশল অবলম্বন করা ছাড়া আমার আর কোন উপায় নেই।

মিটিং মিছিল মানববন্ধন প্রসঙ্গ:
এগুলো করতে রাজনৈতিক দলের লোক হতে হয় না। কেবল রাজনৈতিক দলগুলো মিটিঙ মিছিল সমাবেশ মানববন্ধন করে না। এনজিওগুলোও দেদার করছে। বরং বলা যায় বাংলাদেশে অন্যান্য সেকটরের মতো রাজনীতিটাও এনজিওকরণ হয়ে যাচ্ছে।

যাই হোক, যে বিতর্ক হলো তার থেকে আমরা কী সিদ্ধান্ত টানতে পারি? আমার মতে, ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য যে যেভাবে পারে কাজ করতে হবে। গণবিক্ষোভ গণপ্রার্থনার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আন্দোলনকে আরো ব্যাপক ও বিস্তৃত করতে হবে। যারা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের পক্ষে তাদের সবাইকে একই প্লাটফরমে আসতে হবে শত মত পার্থক্য বিতর্ক সত্বেও। এভাবে যদি ব্যাপক ঐক্য গড়ে ওঠে তাহলে সেটা ঐক্য-সমঝোতা বিরোধীদের ওপর বিরাট চাপ সৃষ্টি করবে এবং শেষে এক পর্যায়ে তারা সংঘাত বন্ধ করতে বাধ্য হবে।

যখন এই উত্তরটা লিখতে শুরু করি তখন জানতে পারি বাঘাইছড়ি ও দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলা হয়েছে। একজন মারা গেছে, অনেকে আহত হয়েছে। আর কতকাল আমাদের এভাবে মার খেয়ে থাকতে হবে? নিজ জন্মভূমিতে আমরা আজ পরবাসী শুকর কুকুরের মতো ধরে ধরে মারছে। যখন ইচ্ছে হয় তখন হামলা চালাচ্ছে। মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে। এর পরও সন্তু বাবুরা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে ইউপিডিএফের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে চান না। সন্তু বাবু ছাড়া জেএসএসে বুঝার মতো নেতা কি আর নেই? নিজেরা নিজেরা মারামারি করলে আমাদেরই ক্ষতি সেটা বুঝার মানুষ কি জেএসএস(সন্তু গ্রুপ)-এর মধ্যে নেই? চুপ করে বসে থাকার আর সময় নেই। যারা এতদিন চুপ করে আছেন তারা জেগে উঠুন। ঐক্য ছাড়া কোন বিকল্প নেই।


মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

ফেসবুকে আলোচনা-২

হিল্লো গাবুজ্যার মন্তব্য ও অডঙ চাকমার জবাবের প্রেক্ষিতে
প্রথমে হিল্লো গাবুজ্যাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি লিখেছেন, 'এত কিছু বলার কারন-আপনার হয়ত স্মরন থাকার কথা এর আগে আপনার ফেসবুকে শেয়ার করা কয়েকটি লেখায়ও প্রশ্ন রেখেছিলাম কিন্তু উত্তর না পাওয়ায় বিব্রত হতে হয়েছি।' আপনার প্রশ্নের উত্তর যদি না দিয়ে থাকি, তাহলে সেটা হবে বেখেয়াল বশতঃ। তবে যেই হোক, তার জন্য আমি দুঃখিত। উত্তর না পাওয়ায় আপনাকে বিব্রত হতে হয়েছিল বলে দ্বিগুণ দুঃখ প্রকাশ করছি।এরপর আমি বলতে পারি, মতলববাজী মানসিকতা বাদ দিয়ে কেউ যদি আমাদের সাথে বিতর্ক করতে আসে, বা কেউ কোন প্রশ্ন জিজ্ঞেস করে তখন তার সাথে আলোচনা করা বা প্রশ্নের উত্তর দেয়ার সাধারণভাবে একটা চেষ্টা আমাদের দিক থেকে থাকে।

যাই হোক, এবার আসল কথায় আসা যাক।প্রসিতদার 'আড়ালে থাকার' মধ্যে কোন রহস্য নেই।তিনি পার্টি শৃঙ্খলা ও নিয়ম নীতির অধীন।তিনি ইচ্ছে করছে বলেই যা কিছু করতে পারেন না। যে ইন্টারভিউটা তিনি দিয়েছেন, যেটা নিয়ে অডং বাবু আলোচনার সূত্রপাত করেছেন, সেই ইন্টারভিউতে তিনি যা বলেছেন তা তিনি তার উচ্চ পর্যায়ের সহযোদ্ধাদের সাথে আলোচনা করেই বলেছেন।প্রসিতদা সন্তু বাবুর মতো প্রায় সময় মিডিয়ার সামনে হাজির হন না এটা ঠিক।কিন্তু তার মানে এই নয় তিনি জনগণের কাতারে নেই।বরং উল্টোটাই ঠিক। প্রসিতদার কাজের স্টাইল আর সন্তু বাবুর কাজের স্টাইল এক নয়।ইউপিডিএফের কাজের স্টাইল পার্বত্য চট্টগ্রামের বাস্তব পরিস্থিতিতে সংগ্রামের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে গড়ে উঠেছে।

'আর পাঃ চট্টগ্রামের প্রধান আঞ্চলকি রাজনতৈকি দল এবং সবচেয়ে পুরনো দল হিসেবে কতটুকু র্মযাদা দেন এবং এ বিষয়ে আপনার পার্টির দূরদর্শিতা কতটুকু?'

আপনার এই প্রশ্নটা ঠিক বুঝতে পেরেছি কিনা বলতে পারবো না।তবুও যেটুকু বুঝেছি তার ভিত্তিতে উত্তর দেয়ার চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে, প্রসিতদা তার উপরোক্ত ইন্টারভিউতে জেএসএসের এক সময়কার প্রগতিশীল ভূমিকার কথা স্বীকার করেছিলেন।ইউপিডিএফের বহু লেখায় ও প্রচারপত্রে এটা স্বীকার করা হয়েছে।কারণ যা সত্য তা স্বীকার করতে আমাদের কোন সংকোচ ও দ্বিধা নেই।১৯৬০, ৭০ দশকে পার্বত্য চট্টগ্রামে জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে সংগ্রাম শুরু করার ক্ষেত্রে জেএসএসের বড় ধরনের, বলতে গেলে একক, অবদান রয়েছে। জেএসএসের বহু নেতা কর্মী জীবন উসর্গ করেছেন স্বজাতির মুক্তির জন্য। ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, বহু ত্যাগ তিতিক্ষা করেছেন। এ সবই সত্য। কিন্তু একই ভাবে এটাও সত্য যে, জেএসএসেরও কিছু গুরুতর ভুল রয়েছে। সেটাই স্বাভাবিক। সে ভুলগুলো আজ এখানে আলোচনা করছি না।তবে এটুকু বলবো আন্দোলনে জেএসএসের অবদানের পাশাপাশি এই ভুলগুলোও আলোচনা হওয়া দরকার। তা না হলে আমরা একই ভুলের পুনরাবৃত্তি করবো এবং একই জায়গায় ঘুরপাক খেয়ে পড়ে থাকবো।মোট কথা হলো, প্রত্যেক নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তার পূর্ববর্তী প্রজন্মের ভূমিকাকে ক্রিটিক্যালি বিচার করতে হয়, অর্থা তার দোষ গুণ নৈর্ব্যক্তিকভাবে বিশ্লেষণ করতে হয় এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত ভুলগুলো ফেলে দিয়ে যা সঠিক তা গ্রহণ করতে হয়।পুরাতন প্রজন্ম এই সমালোচনা মেনে নিতে না পারলেও তা করতে হবে সামগ্রিক স্বার্থে।বিষ ফোঁড়া হলে সেটার পুঁজ জোর করে বের করতে হয়, এখানে জোর করা হচ্ছে ভালোর জন্য।ইউপিডিএফও সে কারণে জেএসএস নেতাদের ভালো না লাগলেও তাদের ভুলগুলোর সমালোচনা করে থাকে।এটা সামগ্রিক জাতীয় স্বার্থেই।যে সমাজে সমালোচনা নেই, বিতর্ক নেই, দ্বন্দ্ব নেই, সে সমাজ বন্ধ্যা, অচল।

ইতিহাসে দেখা যায়, বহু দল বা নেতা এক সময় প্রগতিশীল ভূমিকা পালন করলেও পরে তাদের সেই ভূমিকা আর থাকেনি। জেএসএসের ক্ষেত্রেও তাই হয়েছে।এম এন লারমার জেএসএস আর সন্তু লারমার জেএসএস এক নয়। ভাই হলেও এম এন লারমা আর সন্তু লারমা এক নন, একই নীতি আদর্শের মানুষ নন। এমনকি তাদের দু'জনের ব্যক্তিগত বৈশিষ্ট্য ও টেমপেরামেন্ট সম্পূর্ণ ভিন্ন, দুই মেরুর।
আপনার প্রশ্নের উত্তর কতটুকু দিতে পেরেছি জানিনা।তবে দেয়ার চেষ্টা করেছি, এটুকু বলতে পারি।

এবার অডঙ বাবুর জবারের প্রেক্ষিতে আসি। আপনাকেও ধন্যবাদ পুনরায় আলোচনায় অংশ নেয়ার জন্য। বৃটিশরা চাকমাদের সম্পর্কে বলেছেন চাকমারা নাকি তর্কপ্রিয়। আমার লেখার মাধ্যমে এই অভিযোগের (নাকি অন্য কিছু) সত্যতা প্রমাণিত হতে পারে সেই ভয় সত্বেও আপনার ১২ ডিসেম্বরের লেখার জবাব দেয়ার চেষ্টা করছি।

(১)স্বীকার করছি এবং বুঝি যে, কোন কোন সময় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারে শীর্ষ নেতার কাছ থেকে বক্তব্য আশা করা হয়।তবে সস্তা হাততালি, বাহবা পাওয়ার জন্য বক্তব্য দেয়ার অভ্যাস যেন আমাদের পেয়ে না বসে।আপনার জ্ঞাতার্থে বলছি, প্রসিতদা দ্ব্যর্থহীন ভাষায় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন।সমাবেশ ডেকে বক্তৃতাবাজি করে দেননি বটে, তবে কয়েকজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তির সাথে আলোচনায় ওই ঘোষণা দিয়েছেন।সবচেয়ে বড় কথা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য আমরা ব্যর্থ হওয়ার পরও বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের দিক থেকে।এ ব্যাপারে আগে দীর্ঘ আলোচনা করেছি।নতুন করে আর বলতে চাই না।তাই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের প্রশ্নে আমাদের আন্তরিক প্রচেষ্টার প্রতি সন্দেহ পোষণ করা হবে চরমতম অন্যায়ের মধ্যে একটি।যেখানে আমাদের সহযোদ্ধারা একের পর এক খুন হচ্ছে, অপহরণ হচ্ছে, ঘরবাড়ি ছাড়া হয়ে অস্বাভাবিক জীবন যাপন করতে বাধ্য হচ্ছে, যেখানে আমাদের জীবনেরও কোন নিরাপত্তা নেই এবং যেখানে আমরাই আর্থিকভাবে, সাংগঠনিকভাবে, মানসিকভাবে সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেখানে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে আমাদের চাইতে আর কে বেশী আন্তরিক হবে? এ জন্য যখন 'জ্ম্মুজাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না, মানুষের জীবন নিয়ে মস্করা করবনে না।' প্রসিতদার উদ্দেশ্যে লেখা অডঙ বাবু আপনার এই বাক্যটা পড়ি তখন কাঁদবো না হাসবো বুঝতে পারিনি। মনে কিছুটা ব্যথাও পেয়েছি। আপনার লেখাগুলো পড়লে মনে হয় আপনি ছাড়া বুঝি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে আর কেউ আন্তরিক নয়। তাই বলি কি, যদি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে আপনি এতই আন্তরিক হন, তাহলে কেবল কথা না বলে, কেবল ফেইসবুকে লেখালেখিতে সীমাবদ্ধ না থেকে মিছিল মিটিং ও সভার আয়োজন করুন, মানববন্ধন করুন, লং মার্চ ইত্যাদি করুন। জানি আমার এ কথা শুনে আপনি আপনার অপারগতা প্রকাশ করতে নানা অজুহাত খুঁজবেন। কারণ অন্যের সমালোচনা করা সহজ, বাস্তবে নিজে করা বড়ই কঠিন। এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি।

(২) “কাজেই একজন সংঘাতের মূল হোতা হলে অন্যজন হবে উস্কানি দাতা কিংবা অনুঘটক।”
না, তারপরও 'সীতা কার বাপ' এর মতো কথা বললে আমার মতো অমের কী উপায় আছে? এক চোখা বিচারে নিরীহ ব্যক্তিও শাস্তি পায়, আর দোষী ব্যক্তি কেটে পড়ার সুযোগ পায়। দোহাই আপনি একচোখা বিচারক হবেন না।

আমি মনে প্রাণে বিশ্বাস করি ইউপিডিএফের রাজনৈতিক চিত্ত অত্যন্ত পরিস্কার। আমি দৃঢ়ভাবে বলবো, আমরা সাধ্যমত চেষ্টা করেছি ভ্রাতৃঘাতি সংঘাত এড়ানোর জন্য, আর যখন সংঘাত বেঁধে গেছে তখন তা বন্ধ করার জন্য। এতে আমরা 'উত্তম' হয়েছি কিনা জানি না, তবে আমরা আমাদের দিক থেকে দায়িত্ব পালনের চেষ্টা করেছি এটুকু বলতে পারি।

(৩) 'অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, পঁচা ডিম, টমটো, জুতা ইত্যাদি নিক্ষেপ করার মত এরকম গণতান্ত্রকি পদ্ধতির সাথে একমত নই, সর্মথক নই। ...
স্বীকৃত সাধারণ মত ও পদ্ধতির সাথে দ্বিমত পোষণ করার পূর্ণ অধিকার আপনার আছে। ভুল বলেননি সেটাই ভালো।

“পঁচা ডিম, টমেটো, জুতা” ইত্যাদি নিক্ষেপ করে আপনি পেতে চাচ্ছেন “সাবাশ” আর সন্তুবাবু বুঝছেন “কচু”।" তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এখানে দুটো মতের সাথে দ্বন্দ্ব -- এক পক্ষ গণতন্ত্রের ভাষায় কথা বলে, আর অন্য পক্ষ সেই গণতন্ত্রের ভাষা বোঝে না। তার কাছে সেটা এলিয়েন ল্যাঙ্গুয়েজ, ভিনদেশী ভাষা। অডঙ বাবুর আদালতের রায়ে সাব্যস্ত: উভয়েই দোষী! ইউপিডিএফ দোষী, কেননা জেএসএস না বোঝা সত্ত্বেও সে গণতন্ত্রের ভাষায় কথা বলেছে। আর, জেএসএস দোষী, কারণ সে গণতন্ত্রের ভাষা বোঝে না। জয় হোক অডঙ বাবুর বিচারের!

(৪) 'আত্মরক্ষার সাধারণ ধারনা নিয়ে আমার কোন প্রশ্ন নেই, কিন্তু আমার প্রশ্ন ছিলো আপনাদের আত্মরক্ষার ধারনার ধরন ও প্রয়োগ পদ্ধতি নিয়ে।'
শেষ পর্যন্ত আত্মরক্ষার অধিকার স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ, যদিও স্বীকার করাটা আনকোয়ালিফাইড নয়।

"যেই আত্মরক্ষার কথা বলছেন, আপনাদের পার্টির গঠনতন্ত্রে কোথাও কী কিছু লেখা আছে?আপনাদের গঠনতন্ত্র মেনে আপনারা কী আপনাদের আত্মরক্ষার নীতি কৌশল ঠিক করেছেন?"

একটি পার্টির গঠনতন্ত্রে সবকিছু লেখা থাকে না। সংবিধান যেমন একটি দেশের মূল দলিল, গঠনতন্ত্রও একটি দল বা সংগঠনের মৌলিক দলিল। এই গঠনতন্ত্রের ভিত্তিতেই পার্টির অন্যান্য নিয়ম কানুন ঠিক করা হয়। আর আত্মরক্ষা বিষয়টি এতই সাধারণ ও স্বাভাবিক একটি ব্যাপার যে সেটা কোন পার্টির গঠনতন্ত্রে লেখার প্রয়োজন হয় না।

(৫) সবশেষে বলবো, একটি বিষয়ে সবাইকে খেয়াল থাকতে অনুরোধ করবো। ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের যে ডাক ইউপিডিএফসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা সেনাবাহিনীর অনেকেই ভালোভাবে নেয়নি। ভ্রাতৃঘাতি সংঘাত যাতে বন্ধ না হয়, যাতে আমাদের মধ্যে সব সময় মারামারি হানাহানি লেগে থাকে তার জন্য একটি গোয়েন্দা সংস্থার তৎপরতা লক্ষণীয়। যেমন কিছুদিন আগে ১০ নভেম্বর সেনাবাহিনী 'ইউপিডিএফ এর এ কোন প্রহসন?' শিরোনামে জেএসএসের নামে একটি লিফলেট বিলি করেছে। আমরা মনে করি না যে জেএসএস এটি ছাপিয়েছে। কারণ জেএসএসএর লিফলেটের ভাষা এ রকম নয়। যাই হোক, লিফলেটের মূল কথা হলো সংঘাত বন্ধের দাবিতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা নস্যাৎ করে দেয়া। আর সেটা করতে হলে প্রথমেই দরকার ইউপিডিএফের ঐক্যের আহ্বানকে প্রশ্নবিদ্ধ করে দেয়া; জনগণের মনে সংশয় সৃষ্টি করে দেয়া। কাজেই এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সেনাবাহিনী জানে, ইউপিডিএফ জেএসএস এক হলে, জুম্ম জনগণ এক হয়ে গেলে, তাদের বিদায় ঘন্টা বাজবে। তবে আজ হোক কাল হোক সেই ঘন্টা বাজাতে হবেই।




বেক্ষুনে গম থাক্কুয়্য, সুগে থাক্কুয়্য।

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

ফেসবুকে আলোচনা-১

প্রিয় অডঙ, অমিত হিল ও অন্য বন্ধুরা,
"ভ্রাতৃঘাতীসংঘাত বন্ধে প্রসতি খীসার স্পষ্ট অঙ্গীকার শুনতে চাই" শিরোনামে ১১ ডিসেম্বর ফেসবুকে লেখা অডঙ চাকমার ও "শ্রদ্ধেয় স্যার প্রসতি বিকাশ খীসাকে এক খোলাচিঠি" শিরোনামে একই তারিখে লেখা অমিত হিলের লেখা আমাদের নজরে এসেছে। এছাড়া এ সম্পর্কিত অনেকের মন্তব্যও চোখে পড়েছে। লেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

যদিও লেখাগুলো প্রসিতদাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তবুও তার পক্ষ হয়ে আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। কারণ প্রসিতদা ফেইসবুক ব্যবহার করেন না। তবে তিনি তার ইন্টারভিউ সম্পর্কে মন্তব্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

অমিত হিল ও অডঙ ফেসবুকে নিয়মিত লেখেন, সে কারণে আপনারা পরিচিত মুখ, সরি, পরিচিত নাম বা আইডি। ইতিপূর্বেও আপনাদের সাথে ভ্রাতৃঘাতি সংঘাত বিষয়ে আমার আলোচনা হয়েছে। সুতরাং আলোচ্য বিষয়টি সম্পর্কে আমাদের পার্টির অবস্থান আপনাদের জানা আছে। তাই নতুন করে সেটা ব্যাখ্যা করা অনেকটা চর্বিত চরণের মতো হবে। তারপরও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি আমাদের সাধারণ পার্টি লাইন অনুসরণ করে আপনাদের মন্তব্য, প্রশ্ন ও বক্তব্যের জবাব দেয়ার চেষ্টা করছি। আমার বক্তব্য দীর্ঘ হবে, তাই ধৈর্য্য ধরার অনুরোধ করছি।

(১)অডঙ বাবু ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের জন্যে প্রসিতদার মুখ থেকে "প্যাঁচালো" (তার ভাষায়) কথা নয়, স্পষ্ট "অঙ্গীকার" শুনতে চেয়েছেন। খুব ভালো কথা। তবে প্যাঁচালো কথার চেয়ে অঙ্গীকার কি খুব বেশী উত্তম? যখন অনেক রাজনৈতিক ও নেতা মুহূর্তে অঙ্গীকার করে তা পর মুহূর্তেই ভেঙে ফেলেন? ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য ইউপিডিএফ অঙ্গীকারের চাইতেও অনেক বেশী করেছে ও এখনো করছে। সেটা হলো বাস্তব কাজ। যদি চোখ, কান খোলা রাখেন তাহলে এ বাস্তব কাজ সম্পর্কে জানতে পারবেন। সবকিছু খোলাসা করে বলার স্থান এটা নয়। দুঃখিত।

(২)"কুসুম প্রিয় চাকমা ও প্রদীপ লাল চাকমাদরে জেএসএস জঘন্যভাবে খুন করছিলো বলে ইউপডিএফকেও সেভাবে জঘন্য খুনরে নশোয় মেতে উঠতে হবে সেটা মেনে নিতে পারি না। খুনের বদলে ‍খুন এটা সুস্থ রাজনীতি হতে পারে না।"

আপনার সাথে এ ব্যাপারে আগেও বিতর্ক হয়েছে। নতুন করে এ প্রসঙ্গে বিশেষ কিছু বলার নেই। তবুও একটা গল্প বলি। আমাদের এক ইউপিডিএফ নেতার সাথে এক বিদেশী শুভাকাঙ্খীর কথা হচ্ছিল। তখন ইউপিডিএফ-জেএসএসের মধ্যে তুমুল লড়াই চলছে (অবশ্য লড়াই বললে ভুল হবে, ইউপিডিএফ একের পর এক মার খাচ্ছিল, জেএসএসের আক্রমণে মারা যাচ্ছিল আর ইউপিডিএফ প্রতিরার চেষ্টা করছিল।) আলোচনার বিষয়বস্তুও ছিল ওই ভ্রাতৃঘাতি হানাহানি।ওই বিদেশী ইউপিডিএফ নেতাকে বলছিলেন 'আপনাদের উচিত পালিয়ে গিয়ে হলেও মারামারিটা এড়ানো।' ইউপিডিএফ নেতা সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপট, বাস্তব পরিস্থিতি, সংঘাত বন্ধের জন্য বারংবার চেষ্টা ইত্যাদি সম্পর্কে বলার পরও উক্ত বিদেশীর মনে তখনো সংশয় রয়ে গেছে দেখে তিনি তাকে প্রশ্ন করলেন: ধরুন, আপনি একজনকে তার ভুলের জন্য সমালোচনা করলেন। কিন্তু তিনি আপনার সমালোচনার জবাব না দিয়ে আপনার গায়ে হাত তুললেন। আপনি মারামারি এড়ানোর জন্য দৌঁড় দিয়ে পালাতে থাকলেন। কিন্তু ওই ব্যক্তিও আপনার পিছু পিছু দৌঁড় দিয়ে আপনাকে ধরে মারতে থাকলো। তখন আপনি কী করবেন?

এর জবাবে উক্ত বিদেশী শুভাকাঙ্খী স্পষ্টভাবে বললেন, I’ll fight back. অর্থাৎ আমি প্রতিরোধ করবো। তখন ইউপিডিএফ নেতা বললেন, ‘That’s what we’re doing." আসলে কোন ঘটনার প্রেক্ষিত বা পূর্ব অবস্থা জানা না থাকলে বিষয়গুলো ঠিকভাবে বোঝা কঠিন। অডং এর ক্ষেত্রেও এটাই হয়েছে বলে আমার বিশ্বাস।

বর্তমান ভ্রাতৃঘাতি সংঘাতের প্রেক্ষিতটাও আমাদের ভালোভাবে জানা থাকা দরকার। প্রেক্ষিতটা আমি বহু আগের ঘটনা উল্লেখ করে শুরু করতে পারি। তবে সেটা দীর্ঘ হবে। তাই মোটা দাগে তুলে ধরছি: চুক্তি সই হয়েছে। ইউপিডিএফ সমালোচনা বা প্রত্যাখ্যান যাই বলেন সেটা করেছে। সারেন্ডারের সময় প্রতিবাদ করেছে। এগুলো সব গণতান্ত্রিক পন্থায়। কিন্তু জেএসএস তখন কী করলো? চুক্তির লিখিত ও মৌখিক সমালোচনার জবাব কি তারা লেখনির মাধ্যমে দিয়েছে? না। তারা তার জবাব দিয়েছে প্রদীপ লাল ও কুসুম প্রিয়কে হত্যা করে। কিন্তু হত্যা করেই শেষ নয়। প্রদীপ লাল কুসুম প্রিয়কে খুন করা হলো, কোন বিচার নেই। হত্যাকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে ও একের পর এক হুমকী দিয়ে যাচ্ছে। তারপর কয়েকদিন পর খুন করা হলো খাগড়াছড়িতে হরেন্দ্র ও হুরুক্যাকে। তারও কয়েকদিন পর দীঘিনালায় মৃণাল ও আনন্দময়কে এবং মারিশ্যায় অন্য এক ইউপিডিএফ সদস্যকে মেরে ফেলা হলো। তাছাড়া ধরে ধরে আরো অনেককে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। সিএইচটি কমিশনের রিপোর্টে এ সব বিস্তারিত লেখা আছে। তখন সে এক ভয়াবহ অবস্থা। প্রতিবাদে মিছিল পর্যন্ত করা যায় না। চট্টগ্রামে পর্যন্ত পুলিশ দাঁড়াতে দেয়নি। ইউপিডিএফের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে লালদীঘি ময়দান থেকে ৪৫জনকে গ্রেফতার করে। এত খুন, এত অন্যায়, অথচ তার কোন প্রতিকার নেই। পালিয়ে গিয়েও বাঁচার উপায় নেই। ধরে ধরে জবাই করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। সে এক কঠিন পরিস্থিতি, যার মুখোমুখি আমরা ইতিপূর্বে কোনদিন হইনি বা স্বপ্নেও ভাবিনি। অডঙকে প্রশ্ন, এই অবস্থায় হলে আপনি কী করতেন? তবে আপনি মুখে যাই বলুন না কেন, এ রকম কঠিন পরিস্থিতিতে পড়লে আপনার নিজেরই অজান্তে আপনি কখন যে আত্মরক্ষায় নেমে পড়তেন তা নিজেই ঠাহর করতে পারতেন না। কারণ এটাই প্রকৃতির ধর্ম। প্রত্যেক প্রাণী সেটাই করে থাকে। চাকমা কথায় আছে, 'আগুনত পল্লে মরা সুগুনীবোয়্য তিন পাক খায়।' সে জন্য আত্মরক্ষার অধিকার আইনে পর্যন্ত স্বীকৃত। এ কথাগুলো মনে হয় আগেও বলেছি। কিন্তু যে অধিকার প্রকৃতি এবং আইন পর্যন্ত একজন মানুষকে দেয় সেই অধিকার অডং চাকমা আমাদের দিতে চান না। তার অভিধানে মনে হয় আত্মরা নামক শব্দটিই নেই। আর তাই তার বিচারে ডাকাত ও ডাকাতি প্রতিরোধকারী ব্যক্তি সবাই সমানভাবে দণ্ডনীয়। যে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করতে চায় ও যে চায় না তারা সবাই তার চোখে সমানভাবে দোষী। কারণ তিনি 'নিরপেক্ষ’! আর তিনি এমন নিরপেক্ষ তার চোখে নিতান্ত সাধারণ গণতান্ত্রিক অধিকারের প্রয়োগও অপরাধ হয়ে যায়ভ (যেমন তিনি প্রশ্ন করেছেন চুক্তি না মানার অর্থ কী প্রত্যাগত নিরীহ জেএসএসস স্যদরেকে পিনোন দেখিয়ে অপদস্থ করা? ইত্যাদি।) কিন্তু তার জানা থাকা উচিত পঁচা ডিম, টমেটো, জুতা ইত্যাদি নিক্ষেপ করে প্রতিবাদ জানানো বিশ্বে সর্বত্র স্বীকৃত গণতান্ত্রিক পদ্ধতি। অথচ অডঙ চাকমার কাছে সেটা স্বীকৃতি পায় না।

(৩)অডঙ বাবু, উপদেশ দেয়া, সমালোচনা করা, অন্যের দোষ ধরিয়ে দেয়া, এবং এমনকি নিজের পরিচয় গোপন করে রূঢ় ভাষায় কঠোর কথা বলা অনেক সহজ। কিন্তু বাস্তবের কঠিন পরিস্থিতি মোকাবিলা করা, উপর্যুপরি আক্রমণের বিরুদ্ধে সংযত থেকে মাথা ঠাণ্ডা করে সংগ্রাম করা অত্যন্ত কঠিন। যখন একটি পক্ষ ভ্রাতৃঘাতি সংঘাত আছে বলেও স্বীকার করতে চায় না, তখন সেই সংঘাত থেকে উত্তরণ অন্য পক্ষের ঐকান্তিক চেষ্টা সত্বেও সহজ হয় না। এটা কি এতই কঠিন বিষয় যে আপনারা অনেকে বুঝতে অপারগ? অনেক সময় দেখা যায় - দোষ করেছে এক ভাই, কিন্তু মায়ের বকুনী খেতে হচ্ছে অন্য ভাইকেও? ইউপিডিএফের অবস্থাটা হয়েছে অনেকটা ওই অন্য ভাইটির মতো যে কোন দোষ করেনি? সেজন্য অমিত হিলের কাছ থেকেও শুনতে হচ্ছে, "বারবার সবদোষের আঙ্গুলি শুধু স্যার সন্তুর দিকে নিক্ষেপ করেন কেনো? আচ্ছা, যুক্তির খাতিরে যদি ধরেও নিই যে, সারেন্ডারের সময় পূর্ণস্বায়ত্তশাসনের ব্যানার দেখানো, পিনোন দেখানো ইউপিডিএফের অপরাধ হয়েছে, কিন্তু রূপায়ন দেওয়ান ও সুধাসিন্ধু খীসারা কী করেছেন? কেন তাদের কর্মী ও সমর্থকদেরও খুন করা হচ্ছে? কেন জেএসএসের পরীক্ষিত নেতা ও সন্তু বাবুর এক সময়কার একান্ত অনুগত চন্দ্র শেখর চাকমাকে পর্যন্ত গুলি করা হলো? ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের পক্ষে কথা বলায় ও জেএসএসের অভ্যন্তরে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে প্রশ্ন তোলায় তো তাদের মহা কাল হয়েছে। যিনি সামান্যতম সমালোচনা সহ্য করতে পারেন না, যিনি গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে নয় শক্তি প্রয়োগের মাধ্যমে সকল মত পার্থক্যের মীমাংসা করতে চান, আপনারা যাই বলুন না কেন তাকে মোকাবিলা করা সত্যিই কঠিন। হয়তো অডঙ বা অন্য কারো কাছে এ ব্যাপারে ভালো 'তালিক' থাকতে পারে। যদি থাকে, তাহলে দয়া করে আমাদের জানালে বড়ই উপকৃত হই। তবে এটাও বলি যদি আগেভাগে আমরা জানতাম সন্তু বাবু সমালোচনা মোটেই সহ্য করতে পারেন না, গণতান্ত্রিক রীতিনীতিকে মোটেই মানেন না, এবং যদি কণা মাত্রও আঁচ করতে পারতাম যে, আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে তিনি এমন নিষ্ঠুরভাবে পশুশক্তি দিয়ে দমন করতে চাইবেন এবং শেষ পর্যন্ত ভ্রাতৃঘাতি সংঘাতের জন্ম দেবেন, তাহলে আমরা অবশ্যই চুপ করে থাকতাম অথবা অন্য কৌশল ভেবে দেখতাম। তবে আগেও বলেছি, এখনও বলতে চাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারকেই দায়ী করা হয়; মিত্র শক্তি ও অক্ষ শক্তি উভয়কে সমানভাবে দায়ী করা হয় না। বৃটেন, ফ্রান্স ও রাশিয়ার অনেক চেষ্টা সত্বেও, এমনকি তোষামোদী নীতি প্রয়োগ করার পরও হিটলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করা থেকে নিবৃত করা যায়নি। সন্তু বাবুও এমন টেমপেরামেন্টের মানুষ আমার সন্দেহ হয় চুপ করে থাকলেও ইউপিডিএফ নেতারা এবং বিশেষত প্রসিত খীসাসহ চার পাঁচ জন বাঁচতে পারতেন কীনা এবং ভ্রাতৃঘাতি সংঘাতকে এড়ানো যেত কীনা। কারণ আপনারা হয়তো জানেন না, চুক্তির আগেই সন্তু বাবু প্রসিতদাসহ আরো কয়েকজনকে যেখানে পাওয়া যায় সেখানে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। এমনকি সে সময় বর্তমান ইউপিডিএফ নেতা সচিব চাকমা ও শান্তিদেব চাকমাকে শান্তিবাহিনীর লোকজন ধরে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন চালিয়েছিল এবং প্রসিত খীসার পক্ষে কাজ করবে না এই মর্মে লিখিত অঙ্গীকার নিয়েছিল। এছাড়া পানছড়িতে রিংকু (সাবেক জেলা পরিষদ সদস্য) ও কুসুম প্রিয়কে (যাকে পরে খুন করা হয়) লতিবান থেকে ধরে নেয়া হয়েছিল। অপরাধ -- প্রসিতদার পক্ষে কথা বলা ও তার সংগঠন করা। তাদের দু'জনকে পরে ধূধূকছড়ায় নিয়ে যাওয়ার সময় রাতে পূজগাঙে গ্রামবাসীরা উদ্ধার করেছিল। এ ধরনের বহু ঘটনা আছে যা চুক্তির আগে ঘটেছে। তখনতো পিনোনও দেখানো হয়নি, পূর্ণস্বায়ত্তশাসনের ব্যানারও তোলা হয়নি।

সত্যি বলতে কী, প্রসিতদা ও রবিদা চুক্তি হওয়ার আগে রাজনীতি থেকে অফ যেতে চেয়েছিলেন। প্রসিতদা তো স্পষ্টভাবে সন্তু লারমাকে বলেছেন, 'ফুটবল মাঠে খেলার সময় কোন খেলোয়াড় আহত হলে তাকে মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। আমিও না হয় সে ভাবে রাজনীতি ও আন্দোলন থেকে ইস্তফা দিয়ে জেএসএসকে সাপোর্ট দিয়ে গেলাম। দর্শক গ্যালারীতে থেকেও নিজের টিমের খেলোয়াড়দের হাততালি দিয়ে উৎসাহ দিতে হয়। মূল লক্ষ্য হলো নিজের দলটা যাতে জেতে। আমিও না হয় দর্শক গ্যালারির একজনের মতো হয়ে গেলাম' এটা ১৯৯৫ সালের শেষের দিকে অথবা ১৯৯৬ সালের প্রথম দিকের কথা। প্রসিতদা এ ব্যাপারে একেবারে লিখিতভাবে অঙ্গীকার দিতে চেয়েছিলেন। কিন্তু তখন সন্তু বাবু সেটাকে চ্যালেঞ্জ বলেছিলেন। সন্তু বাবুর এক কথা, প্রসিত খীসাকে জেএসএস পার্টিই করতে হবে। প্রসিতদাও করতে রাজী ছিলেন, তবে আগে গঠনতন্ত্র ও কর্মসূচী পড়তে চেয়েছিলেন। কিন্তু সন্তু বাবু জেএসএসের গঠনতন্ত্র ও কর্মসূচী পড়তে দিতে রাজী হননি। এই হলো অবস্থা। প্রসিতদা অফ যাওয়ার ইচ্ছা ব্যক্ত করার পর সন্তু লারমা যদি তাতে রাজী হতেন তাহলে আজ এ পরিস্থিতি হতো না। এটা প্রসিতদার কোন অভিমানের কথা ছিল না বা কৌশল ছিল না। তিনি মনে প্রাণেই চেয়েছিলেন জেএসএস যেহেতু এত বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে, সেহেতু সে-ই আন্দোলনের মূল খুঁটি হিসেবে থাকুক। কোন ধরনের বিভেদ সৃষ্টি হলে তা আন্দোলনে বড় ধরনের ক্ষতি হবে। কেউ যদি এতেও প্রসিতদার মধ্যে খুঁত দেখতে পায়, সেটা তার ব্যক্তিগত অভিরুচি। কিন্তু আমি বলবো, সন্তু লারমা যুক্তি দিয়ে বুঝিয়ে বলার বিপ্লবী ও গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে প্রসিতদাকে বল প্রয়োগের মাধ্যমে দমন করার বা তার স্বপক্ষে নেয়ার যে নীতি গ্রহণ করেছিলেন তাতে তার (সন্তু লারমা) রাজনৈতিক দূরদৃষ্টির অভাবই স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার মধ্যে গণতান্ত্রিক মনোভাবের অনুপস্থিতিই হলো সকল সমস্যার জনক। একটি পার্টিতে বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। যখনই পার্টির মধ্যে এই মত পার্থক্যগুলো গণতান্ত্রিকভাবে সমাধান করার সংস্কৃতির চর্চা না হয়, তখনই সমস্যা তৈরি হয়, এবং তখনই সেই সমস্যাগুলো অগণতান্ত্রিক পন্থায় সমাধানের চেষ্টা করা হয়। লাম্বা-বাদি গৃহযুদ্ধ থেকেই আমরা এই শিক্ষাই লাভ করে আসছি।

(৪)"কে আগে হত্যা শুরু করছে, আর কে পরে শুরু করছে সটো কোন প্রশ্ন নয়।"

কেন নয়? তবে বিষয়টার উপস্থাপনা আপনার সঠিক হয়নি। বিষয়টা এভাবে উপস্থাপন করা উচিত: কে আগে হত্যা শুরু করেছে, আর কে সে হত্যা থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করতে বাধ্য হচ্ছে সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ও মৌলিক প্রশ্ন। কারণ আত্মরক্ষার অধিকার প্রত্যেকের মৌলিক অধিকার। আমি যতটুকু জানি বাংলাদেশ পেনাল কোডেও এ অধিকার দেয়া হয়েছে। Nothing is an offence if it is committed in the exercise of the right to self defense. এমনকি আন্তর্জাতিক আইনেও রাইট টু সেল্ফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার স্বীকৃত। "Self-defence is an inalienable right of any nation. Right of self-defence, both individually and collectively is widely recognised in international law. Article 51 of the UN Charter affirms, "Nothing in the present Charter shall impair the inherent the right of individual or collective self-defence if an armed attack occurs against a Member of the United Nations, until the Security Council has taken measures necessary to maintain international peace and security"
BSF lodges 'war crime' FIR against BDR Is right of legitimate self-defence a 'war crime'?http://www.banglarights.net/HTML/incidence-6.htm

কে আক্রমণকারী আর কে আত্মরাকারী সেটা সকল দন্দ্ব সংঘাতের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। এটাই সাধারণ নিয়ম। কিন্তু অডঙ চাকমা সে কথা স্বীকার করতে মোটেই প্রস্তুত নন। আত্মরক্ষা সম্পর্কে ইতিপূর্বেও তার সাথে দীর্ঘ বিতর্ক হয়েছে। এক্ষেত্রে তার সমস্যা হলো, 'বিচার মানি কিন্তু তালগাছটা আমার।'

সেল্ফ ডিফেন্স সম্পর্কে আরো পড়ুন: http://en.wikipedia.org/wiki/Right_of_self-defense

(৫) অডঙ এর কথা, "জ্ম্মুজাতরি ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না, মানুষের জীবন নিয়ে মস্করা করবনে না।"

আপনার মনের ক্ষোভ, দুঃখ ও রক্তপাত বন্ধের আকুতি বুঝতে পারি। ক্ষোভের যন্ত্রণায় এ ধরনের কথা কারো মুখ থেকে উচ্চারিত হওয়া একান্ত স্বাভাবিক। আপনাকে মোটেই দোষ দিই না। ইউপিডিএফ নেতাদের এসব সহ্য করা ছাড়া উপায় নেই। এ প্রসঙ্গে হরি কিশোর চাকমার সোহরাওয়ার্দীকে নিয়ে লেখা গল্পটা মনে পড়ছে।

(৬) "বারবার সবদোষের আঙ্গুলি শুধু স্যার সন্তুর দিকে নিক্ষেপ করেন কেনো? অমিত হিলের এই প্রশ্নের উত্তরে উপরে বলেছি। আরো কিছু বলার আছে। আপনার সন্তু স্যার যে দোষী তা তো তিনি তার নিজের বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট করেছেন। ১০ নভেম্বর এম এন লারমার স্মরণ সভায় কী বলেছেন ভুলে গেছেন? 'সন্তু স্যারের' দিকে দোষের অঙ্গুলী শুধু কি আমরাই তাক করছি? শ্রদ্ধেয় বনভান্তে এমনি এমনি বলেননি যে, 'হিটলার মারা যাওয়ার পরই কেবল ইউরোপবাসী শান্তি ফিরে পেয়েছিল; পার্বত্যবাসীও সন্তু লারমা মারা গেলেই তবে শান্তি পাবে।'

(৭) ইউপিডিএফ সংঘাত বন্ধে আন্তরিক কীনা সে ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। আমি স্পষ্টভাবে বলবো এটা অত্যন্ত অমূলক। কিছু দিন আগে একটা কৌতুক পড়েছিলাম। কৌতুকটা হলো এই: এক চোখ ফুলিয়ে স্কুল থেকে বাড়ি ফিরল ছেলে। মা দেখে আঁতকে উঠলেন: এ কী! কী হয়েছে!
ছেলে: জামানের সঙ্গে মারামারি করেছি।
মা: ছি, মারামারি করতে নেই। কাল স্কুলে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে আর জামানের সঙ্গে বন্ধুত্ব করে নেবে।
পরদিন ছেলে স্কুলে মিষ্টি নিয়ে গেল। কিন্তু স্কুল থেকে ফিরল অন্য চোখটা ফুলিয়ে। মা বললেন, আজ আবার কী হয়েছে?
ছেলে: জামান আরো মিষ্টি চেয়েছে।

ইউপিডিএফেরও যেন ওই ছেলেটার দশা হয়েছে। মা ও ছেলের এত আন্তরিকতা সত্বেও জামানরা যদি আরো মিষ্টির লোভে এমন কান্ড করে তাহলে নিষ্কৃতির কী উপায়? ছেলেটা দ্বিতীয়বার জামানের কাছে মিষ্টি নিয়ে গেছে কীনা সেটা আমরা জানিনা, কিন্তু ইউপিডিএফ একটা চোখে আঘাত পাওয়ার পরও আবার মিষ্টি নিয়ে(ঐক্যের আহ্বান) হাজির হয়েছে জেএসএসের(সন্তু গ্রুপ) কাছে। দেখা যাক, কী হয়। তবে আপনারা যেভাবে ইউপিডিএফের আন্তরিকতায় অহেতুক সন্দেহ প্রকাশ করেছেন তাতে কী যারা ভাতৃঘাতী সংঘাত বন্ধ হোক চায় না তাদেরকে লাভবান করবে না? কৌশলগত দিক থেকেও আপনাদের ওই সন্দেহ প্রকাশ ইমেশিওর হয়েছে।

(৮) অমিত হিল: "তবুও আক্ষপে থেকে যাচ্ছ, আমার ব্যক্তগিতভাবে রাজনতৈকি ময়দানে বজ্রকন্ঠ বাজানোর সুযোগ হয়ে উঠনি। এরজন্য আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। ছোটকাল থেকে রাজনৈতিক চেতনায় বেড়ে উঠেছি, ভেবেছিলাম একদনি স্বজাতির মুক্তিকল্পে নিজের জীবনকে উৎর্সগ করবো।"

আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী, পড়ে হতবাক হলাম। তবে তার মানে এই নয় যে দায় অস্বীকার করছি। কারণ এটা ঠিক ভাতৃঘাতি সংঘাতের মতো পরিস্থিতি জান্তে অজান্তে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে, সমাজে অনেক খারাপ বাজে উপসর্গের জন্ম দেয়। তবে এটাও ঠিক দারিদ্র্য, কঠিন পরিস্থিতি, রূঢ় বাস্তবতা কাউকে কাউকে শেষ করে দিলেও, কাউকে কাউকে মহান করে তোলে। নজরুলের ভাষায়, হে দারিদ্র্য তুমি করেছো মোরে মহান। তবে সময় হারিয়ে যায়নি। আপনি এখনো 'স্বজাতির মুক্তিকল্পে নিজের জীবন উৎসর্গ' করতে পারেন। যারা প্রকৃত সংগ্রামী বিপ্লবী, যারা স্বজাতির মুক্তির চিন্তায় বিভোর, কোন প্রতিকূল পরিস্থিতি তাদের দমাতে পারে না। এটাই বিশ্ব ইতিহাসের নিয়ম। কবে কখন অনুকূল পরিস্থিতি তৈরি হবে, তারপর নিজের জীবন উৎসর্গ করবেন! অপো করতে করতেই আপনার জীবন শেষ হয়ে যাবে। অনুকূল পরিস্থিতিতে সবাই বিপ্লবী সাজতে পারে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে স্রোতের বিপরীতে অমিত তেজে এগিয়ে যেতে সবাই পারে না। আর সংগ্রামের পথ ফুল বিছানো নয় - এটাও নিশ্চয় আপনার জানা আছে। বুদ্ধ বলেছেন, আজ শীত, আজ গরম এই অজুহাতে ভালো কাজ ফেলে রাখা ঠিক নয়। সুতরাং আপনার কাছে পরামর্শ আপনিও অজুহাত না দেখিয়ে 'স্বজাতির মুক্তিকল্পে নিজের জীবন উৎসর্গ' করতে আজই নেমে পড়ুন।

(৯) অমিত হিল প্রসিতদাকে 'স্যার' সম্বোধন করেছেন। জেএসএসে সন্তু লারমাসহ অন্যান্য নেতাদের অবশ্যই স্যার বলে ডাকতে হয়। তবে ইউপিডিএফে নেতাদের স্যার বলে সম্বোধনের রেওয়াজ নেই। এটা আমাদের দেশে ঔপনিবেশিক লেগাসি ও আমলাতান্ত্রিকতার মতো দেখায়। এমনকি ইউপিডিএফে নেতাদের নামের আগে বিশেষণও প্রয়োগ করা হয় না। এগুলো বাহুল্য ও অর্থহীন এবং ক্ষেত্র বিশেষে খারাপ। ইউপিডিএফে নেতাদের সাধারণত দা সম্বোধন করা হয়।

(১০) যারা ভ্রাতৃঘাতি সংঘাতকে না বলেছেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা দৃঢ়ভাবে ভ্রাতৃঘাতি সংঘাতের বিপক্ষে অবস্থান নিন, শুধু মুখে না বলে বাস্তবে সংঘাত বন্ধের জন্য নেমে পড়ুন, বাস্তব কর্মসূচীতে অংশ নিন, তাহলে একদিন এই সংঘাত বন্ধ হবেই। ইউপিডিএফ ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য ১১ নভেম্বরের গণ বিক্ষোভ ও ১৮ নভেম্বরের গণপ্রার্থনা অনেক কাজ দিয়েছে। মুখের কথার চাইতে এ ধরনের কর্মসূচী অনেক ফলপ্রসূ।

দীর্ঘ জবাব পড়ার জন্য ধন্যবাদ।